August 21, 2026, 8:25 pm

গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্র শিবিরের সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Friday, August 21, 2026
  • 22 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্বে এগিয়ে আসার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। আজ শুক্রবার (২১ আগস্ট) গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সভাপতি ইসমাইল পাঠানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি বায়েজিদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমাদের এই কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সামনে এগিয়ে যেতে জীবনে নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে। কিন্তু সব বাধা অতিক্রম করে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না,একই সঙ্গে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবিচল থেকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। তিনি বলেন, শিক্ষাজীবনের প্রথম ধাপেই জিপিএ-৫ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার প্রমাণ দিয়েছে। আগামী দিনে সমাজের নেতৃত্ব তাদেরই দিতে হবে। এজন্য প্রচলিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও যোগ্যতার বহুমুখী বিকাশ ঘটাতে হবে।
তিনি আরও বলেন, ‘বৃত্তের বাইরে গিয়ে নিজেদের ক্রিয়েটিভিটির প্রমাণ দিতে হবে। শুধু পরীক্ষার ফলাফল নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএসসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগায়। তবে একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক চরিত্র, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ।
তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, উদ্যোক্তা ও রাষ্ট্রের নেতৃত্বে আসবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর