বিনোদন ডেস্ক :: জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আগামীকাল ৫ আগস্ট, বুধবার দিনজুড়ে কবিতা আবৃত্তি, সাক্ষাৎকার, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক বিভিন্ন আয়োজন সম্প্রচার করবে চ্যানেলটি। এ ছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির সরাসরি সম্প্রচারের পাশাপাশি দিনব্যাপী প্রচারিত হবে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ ফিলার।
বিটিভির বিশেষ আয়োজনের শুরু হবে বিকেল ৪টা ৫ মিনিটে। এ সময় জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় প্রচারিত হবে কবিতা পাঠের অনুষ্ঠান। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় প্রচারিত হবে আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে নির্মিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় আফরোজা সুলতানার প্রযোজনায় থাকছে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির বিশেষ আয়োজন।
রাত ৮টা ৫০ মিনিটে হাসান রিয়াদের প্রযোজনায় প্রচারিত হবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। এরপর রাত ১০টায় মাহবুবা জ্যামিনের প্রযোজনায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। রাত ১১টায় মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় থাকছে আরো একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান। শুধু স্টুডিওভিত্তিক অনুষ্ঠান নয়, জুলাই গণ-অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিও সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। একইভাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।