নাটোর প্রতিনিধি :: বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সুগার মিলগুলো কয়েক মাস চালু থাকে। বেশিরভাগই বন্ধ থাকে। মিলগুলোকে সারা বছর উৎপাদনশীল করা যায় কি না, সরকার সেই চিন্তাভাবনা করছে। আজ শুক্রবার (৩১ জুলাই) বিকালে নাটোর সুগার মিল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, সরকার বাই-প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে। সে সঙ্গে বিসিক সম্প্রসারণে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হবে। এ সময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।