সাতক্ষীরা প্রতিনিধি:: সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তে বিজিবির সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।”
তিনি আরও বলেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক ব্যাধি। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় এ সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল বিভিন্ন ধরনের মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৮ দশমিক ৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, ৬৩ লাখের বেশি অবৈধ ওষুধ এবং অন্যান্য মাদকদ্রব্য।
বিজিবি আরও জানায়, একই সময়ে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে পরিচালিত অভিযানে ১২৬ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৪৮ জনকে আটক করা হয়েছে।
অনুষ্ঠানে বিজিবি খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরা জেলা প্রশাসক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, পুলিশ সুপারের প্রতিনিধি, কাস্টমস কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।