July 27, 2026, 1:18 pm

পর্দা নামছে নতুন কুঁড়ি স্পোর্টসের, বিকালে সমাপনী অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, July 27, 2026
  • 18 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: পর্দা নামছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের। সোমবার (২৭ জুলাই) ঢাকার আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দুইটি ফাইনাল। বিকাল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিকাল ৪টায় ভেন্যুতে পৌঁছে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এই বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল। এরপর তিনি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করবেন। এ ছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করবেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম স্বাগত বক্তব্য দেবেন। এরপর বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবশেষে গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখবেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
প্রসঙ্গত, গেল ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলার প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ (বয়সসীমা ১২ থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর ঢাকার কয়েকটি ভেন্যুতে।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভার স্বাক্ষর রাখা ক্রীড়াবিদদের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় রেখে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। মূলত কোমলমতি শিশুদের মাঠমুখী করাই সরকারের লক্ষ্য বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর