July 26, 2026, 9:13 pm

গাজীপুর মহানগরী মহিলা বিভাগের টঙ্গী পশ্চিম থানা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, July 26, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী মহিলা বিভাগের টঙ্গী পশ্চিম থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সুমাইয়া জাহান। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন দাওয়াহ বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা এবং বাংলা অর্থ উপস্থাপন করেন সহকারী সেক্রেটারি জাকিয়া সুলতানা। উদ্বোধনী ঘোষণা দেন টঙ্গী পশ্চিম থানা মহিলা বিভাগের সেক্রেটারি ফাহমিদা খাতুন লাকী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর মহানগরী মহিলা বিভাগের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সেক্রেটারি নাসরিন জাহান গুলশান, মানবসম্পদ উন্নয়ন বিভাগের সেক্রেটারি নাসরিন তাসনিয়া এবং ডা. মর্জিনা হক মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগরী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মারুফা শহীদ। তিনি ‘স্বৈরাচারের পতনই হলো জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনায় বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য আমেনা বেগম ‘দেশ সংস্কারে জুলাই সনদের গুরুত্ব’ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি রাষ্ট্র সংস্কার, সুশাসন, জবাবদিহিতা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি রূপরেখা। শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে জুলাইয়ের আদর্শ ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা নাজু। এ পর্বে হামদ, জারি গান, গীতি-আলেখ্য, নাট্যাভিনয়, স্বরচিত কবিতা, হামদ-নাত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। সমাপনী পরিবেশনায় সকল শিল্পী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সমবেত সংগীত পরিবেশন করলে উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আমন্ত্রিত অতিথি এবং বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর