টাঙ্গাইল প্রতিনিধি:: আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে হলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আয়োজন করেছেন। যাতে শিক্ষার্থীরা শুধু লেখাপড়াতেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে।