নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্যানুসন্ধানী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা জানিয়ে দিয়েছি- অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন। আজ শনিবার (১৫ জুলাই) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বেলা ১২টায় এ বৈঠক শুরু হয়। জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন- দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।
ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যা আওয়ামী লীগেরও অঙ্গীকার। ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের সংবিধান, সার্বভৌম ব্যবস্হার আইনের বিধিবিধানের উপর ভিত্তি করে এখানে নির্বাচন দেখতে চায়। আলাপকালে তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আশ্বস্ত হয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, বৈঠকে কোন সংলাপ, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত, প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে কোন কথা হয়নি। তারা যে মিশন নিয়ে এসেছে সেসব বিষয়ে কথা হয়েছে। আমরা আগ বাড়িয়ে কিছু বলিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশ সংবিধানের যে বিধিবিধান এর কোন ব্যত্যয় আমরা মানি না।পৃথিবীর অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকার যেভাবে থাকে বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বচানকালীন সরকার গঠিত হবে। সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না।