নিজস্ব প্রতিবেদক :: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর গণহত্যার বিচার, শহীদদের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ‘জুলাই মিছিল-২০২৬’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার বিকেলে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গাজীপুরা, কলেজ গেট, স্টেশন রোডসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধে দ্রুত বিচার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানান।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জুলাই গণহত্যার বিচার চাই’; ‘শহীদদের আত্মত্যাগ, বৃথা যেতে দেব না’; ‘গণভোটের রায়, বাস্তবায়ন করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাকিল পারভেজ, শহীদ নাসির ইসলামসহ তা’মীরুল মিল্লাতের পাঁচ শহীদ এবং দেশের সব শহীদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং তাদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। তাই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। জুলাইয়ের চেতনা শুধু স্মরণে সীমাবদ্ধ রাখলে চলবে না, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব। এ লক্ষ্য অর্জনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলাম, সেক্রেটারি মর্তুজা হাসান ফুয়াদ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বিপুলসংখ্যক নেতাকর্মী।