নোয়াখালী প্রতিনিধি:: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থা চালু করা হবে। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শীলমুদ সুলতান আহমেদ-তাহেরা ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শতাধিক অসহায় ও সাধারণ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কারণেই আজ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। আমিও একজন জুলাই যোদ্ধা। তাই জুলাইয়ের চেতনা ও সনদ বর্তমান সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।”
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল চৌধুরী সাইফের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জাফর উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, চাটখিল মহিলা কলেজের সভাপতি আতিয়া মাহবুব, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে প্রায় ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।