মোঃ আক্তার হোসেন ডালীঃ গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলুর বহিষ্কারাদেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও অনেকেই বহিষ্কারের কারণ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মোঃ কামাল হোসেন বুলু দলীয় কার্যক্রমে সক্রিয় থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। তার বিরুদ্ধে গৃহীত সাংগঠনিক সিদ্ধান্তে তারা বিস্ময় প্রকাশ করেন এবং বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।
এলাকাবাসীর ভাষ্য, কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া উচিত। এতে দল যেমন উপকৃত হবে, তেমনি নেতাকর্মীদের মধ্যেও আস্থা ও ঐক্য বজায় থাকবে।
তারা আরও বলেন, দলের স্বার্থে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন স্পর্শকাতর বিষয়ে স্বচ্ছ তদন্ত ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করা হলে বিভ্রান্তি কমবে এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্য আরও সুদৃঢ় হবে।