স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী আনসার উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি বৃক্ষ রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।