নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম সেমিফাইনালে থ্রী ব্রাদার্স জামালপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে বিকেএসপি ঢাকা। শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত রোমাঞ্চকর লড়াইয়ে বিকেএসপি ২-১ গোলের ব্যবধানে জয়ী হয়।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বিকেএসপি। খেলার ৪৮ মিনিটে ১৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় রানা প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৬৪ মিনিটে ৯ নম্বর জার্সিধারী রাহিদ দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। ২-০ গোলে পিছিয়ে থাকা থ্রী ব্রাদার্স জামালপুর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯৩ মিনিটে) একটি পেনাল্টি পায়। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি তারা।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাদাত হোসেন। টুর্নামেন্ট উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আকম মোফাজ্জল হোসেন। আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারসহ স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদেশ থেকে মোট ১৬টি জেলা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। গত ২০ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টের সেমিফাইনাল ঘিরে গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি এস এম জসিম আক্তার। আগামীকাল শনিবার (৪ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে টঙ্গী ফুটবল একাডেমি ও মানিকগঞ্জের একরাম স্মৃতি ফুটবল একাডেমি একে অপরের মুখোমুখি হবে।