স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড সাসটেইনেবিলিটি রিসার্চের (৩সিএসআর) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩সিএসআরের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে মানবসভ্যতার অন্যতম বড় চ্যালেঞ্জ। এর প্রভাব মোকাবিলায় শুধু নীতিনির্ধারণী সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনসচেতনতা, দায়িত্ববোধ এবং কার্যকর উদ্যোগ।
তিনি বলেন, “একটি বৃক্ষ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে স্থাপন করা নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ এবং একটি বাসযোগ্য পৃথিবীর ভিত্তি রচনা করা।” তিনি প্রযুক্তি ও প্রকৃতির মধ্যে সুষম সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের (আইডব্লিউই) পরিচালক অধ্যাপক ড. মো. আকরামুল আলম। বৃক্ষরোপণ কর্মসূচি ও মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, দপ্তর প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।