June 15, 2026, 12:49 am

ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ফরিদপুর প্রতিনিধি::
  • আপডেট Sunday, June 14, 2026
  • 14 জন দেখেছে

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজারগামী আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিক্রয় প্রতিনিধি রবিউল আউয়াল আলফাদ একমি ওষুধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিনভর উপজেলার বিভিন্ন বাজারে বকেয়া টাকা সংগ্রহ করেন রবিউল আউয়াল আলফাদ। সন্ধ্যায় নওপাড়া বাজার থেকে সংগ্রহ করা অর্থ নিয়ে বাগাট বাজারের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন তিনি। পথে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাটের নির্জন এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে এবং তাঁর কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
রবিউল আউয়াল আলফাদ জানান, হামলার পর তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় অভিযোগ দিতে যান।
এ বিষয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর