June 6, 2026, 2:29 pm

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের মূলধারায় আনতে কাজ করছে বাউবি: উপাচার্য

Reporter Name
  • আপডেট Saturday, June 6, 2026
  • 21 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত করতে কাজ করছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। শুক্রবার সকালে রংপুরের মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় এমএ/এমএসএস পরীক্ষা এবং মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য।
তিনি বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়ে শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে কাজ করছে। অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বাউবি কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ, রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী এবং যুগ্ম পরিচালক মো. আজিজার রহমান।
পরবর্তীতে উপাচার্য সৈয়দপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও টিউটরদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মানসম্মত পরিচালনায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।একই কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর কাছে উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সভায় কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। উপাচার্য তা মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষার্থীবান্ধব সেবা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে উপাচার্য নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান পরিদর্শন করেন এবং জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের সমাধিতে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানুসহ বাউবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর