স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকায় এক নারী গ্যারেজ ব্যবসায়ীর কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ মে) টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফারজানা আক্তার (২৮) নামের এক নারী ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, ফারজানা আক্তার দীর্ঘদিন ধরে আউচপাড়া এলাকায় একটি গ্যারেজ পরিচালনা করে আসছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার মোঃ আব্দুর রব (২৭) ও মোঃ জাকির (৩৫) দীর্ঘদিন ধরে তার কাছে মাসিক ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে দাবি করেন তিনি। লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ গ্যারেজে এসে পুনরায় চাঁদা দাবি করেন। এ সময় কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালাগালি করেন। পরদিন ১৪ মে দুপুরে কয়েকজন সহযোগীকে নিয়ে গ্যারেজে এসে হামলার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত আব্দুর রব ও জাকির পূর্বে আওয়ামী লীগের সহযোগী হিসেবে এলাকায় সক্রিয় ছিলেন। এছাড়া ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয়দের আরও অভিযোগ, তারা গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের আউচপাড়া এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করেন এবং স্বেচ্ছাসেবক দলের সাইনবোর্ড ব্যবহার করে আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







