November 5, 2026, 9:12 pm

বাসন থানা পুলিশের হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

Reporter Name
  • আপডেট Thursday, November 5, 2026
  • 10 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের হারিয়ে যাওয়া গুলিভর্তি সরকারি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পাঁচ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে বাসন থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে বাসন থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) পারভেজ মল্লিকের ব্যবহৃত গুলিভর্তি সরকারি পিস্তলটি হারিয়ে যায়। দায়িত্ব পালনকালে সরকারি অস্ত্র হারিয়ে যাওয়ার ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় পুলিশ। এরপর থেকেই হারিয়ে যাওয়া পিস্তলটি উদ্ধারে বিভিন্নভাবে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রাখা হয়।
এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিস্তলটির অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। পরে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাসন থানাধীন বারবৈকা মুচিপাড়া এলাকায় টিএন্ডটি রোডের বিপরীতে প্রফেসর মো. সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে অবস্থিত একটি পরিত্যক্ত খালি জায়গায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে হারিয়ে যাওয়া গুলিভর্তি সরকারি পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার অভিযানে বাসন থানার এসআই মো. জহুরুল ইসলাম, এসআই মো. নাহিদ আল রেজা, এএসআই মো. সানিউল আলমসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
পুলিশের এ তৎপরতায় হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রটি উদ্ধার হওয়ায় গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষ করে গুলিভর্তি সরকারি অস্ত্রটি উদ্ধার করা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কী পরিস্থিতিতে পিস্তলটি হারিয়ে গিয়েছিল, কীভাবে সেটি ওই পরিত্যক্ত স্থানে পৌঁছাল এবং এ ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বাসন থানা পুলিশের দ্রুত পদক্ষেপ ও অভিযানকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর