নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়েছেন এক যুবক। এ ঘটনায় প্রতারণা, তথ্য গোপন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযুক্ত মোঃ হারুন অর রশিদ রানা (৩৫) পটুয়াখালী জেলার সদর উপজেলার জৈনকাঠি গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া রোড এলাকায় (খান বেকারী সংলগ্ন) ভাড়া বাসায় বসবাস করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার নিশাতনগর এলাকার বাসিন্দা মো. সজিবের ছোট বোন শিমা আক্তারকে (ছদ্মনাম) বিয়ের প্রস্তাব দেন রানা। পরে পরিবারের সদস্যরা তার সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তিনি এর আগেও একাধিক বিয়ে করেছেন।
এ বিষয়ে রানার প্রথম স্ত্রী ফাতেমা বেগম সাথীর সঙ্গে যোগাযোগ করা হলে তার পূর্বের বিয়েসহ নানা তথ্য সামনে আসে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী পরিবারের দাবি, বিষয়টি নিয়ে রানাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি ও হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত এবং যেকোনো সময় ক্ষয়ক্ষতি ঘটাতে পারেন এমন আশঙ্কায় পরিবারটি আইনগত সহায়তা চেয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছে।
এদিকে অভিযুক্তের প্রথম স্ত্রী ফাতেমা বেগম সাথী অভিযোগ করেন, প্রায় ১৯ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় রানা তার কাছে যৌতুক দাবি করতেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হতো বলেও অভিযোগ করেন তিনি।
সাথীর দাবি, দীর্ঘদিনে তিনি প্রায় ১৫ লাখ টাকা দিয়েছেন। এরপরও তার ওপর যৌতুকের চাপ, শারীরিক নির্যাতন ও হুমকি অব্যাহত ছিল। তিনি আরও অভিযোগ করেন, তার অজান্তে রানা তামান্না ও সোনিয়া নামে আরও দুই নারীকে গোপনে বিয়ে করেছেন এবং বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন।
তার ভাষ্য অনুযায়ী, বুধবার (১৪ মে) সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সূত্রে তিনি জানতে পারেন, রানা টঙ্গীর খাঁ-পাড়া রোডের একটি বাসায় চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে তিনি সেখানে উপস্থিত হয়ে বিয়েতে বাধা দিলে রানা তাকে গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।