নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকায় এক নারী গ্যারেজ ব্যবসায়ীর কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ মে) টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফারজানা আক্তার (২৮) নামের এক নারী ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, ফারজানা আক্তার টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে একটি গ্যারেজ পরিচালনা করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার মোঃ রব (২৭) ও মোঃ জাকির (৩৫) দীর্ঘদিন ধরে তার কাছে মাসিক ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ গ্যারেজে এসে পুনরায় চাঁদা দাবি করেন। এ সময় কারণ জানতে চাইলে তারা অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। পরদিন ১৪ মে দুপুরে কয়েকজন সহযোগীকে নিয়ে গ্যারেজে এসে হামলার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী ফারজানা আক্তার জানান, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাস্থল ত্যাগের আগে অভিযুক্তরা তাকে ও গ্যারেজের কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় গ্যারেজে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী। তিনি নিজের ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।