April 28, 2026, 6:28 pm

রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি

Reporter Name
  • আপডেট Tuesday, April 28, 2026
  • 15 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: রাজধানীর যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ বিষয়ে বাংলাদেশ রিকশা ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা ভ্যান মালিক ফেডারেশনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নগর ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রিকশার বৈধতা, নিয়ন্ত্রণ এবং চালকদের জীবিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সরকার রিকশা রাখতে চায় এবং এ বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তবে যন্ত্রচালিত যানবাহন সংক্রান্ত উদ্যোগ নিলেই কিছু গোষ্ঠী আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
তিনি বলেন, ঢাকা শহর আমাদের। এই শহরের রিকশা চালক ও মালিকদেরই নিজেদের অধিকার রক্ষায় সামনে আসতে হবে। বাইরের এলাকা থেকে এসে যারা অবৈধভাবে রিকশা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনাদেরই সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। রিকশা মালিক ও চালকদের সংগঠিত হয়ে নিজেদের দাবি তুলে ধরতে হবে। প্রয়োজনে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জনমত গড়ে তোলার পরামর্শও দেন তিনি।
রিকশার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, ভবিষ্যতে রিকশায় গিয়ার সংযোজনসহ নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বর্তমান ব্যবস্থায় দুর্ঘটনার হার বেশি, যা উদ্বেগজনক। এ বিষয়ে একটি টেকসই নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অন্যদিকে, বৈঠকে রিকশা চালক ও মালিকরা জানান, বর্তমানে প্রায় ২ লাখ ১২ হাজার রিকশার অনুমোদন চাওয়া হচ্ছে। তারা দাবি করেন, আগে বিভিন্ন সময়ে অনুমোদিত রিকশার সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঢাকা শহরে প্রায় ১২ লাখ অটোরিকশা চলাচলের কারণে যানজট বেড়েছে বলেও উল্লেখ করেন তারা।
তাদের দাবি, বৈধ রিকশাগুলোর নম্বর নবায়ন করে অবৈধ রিকশা উচ্ছেদ করা হোক। এতে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঢাকায় রিকশা চালিয়ে আসা চালকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা।
রিকশা চালকরা আরও বলেন, স্বল্প ভাড়ায় নগরবাসীর দৈনন্দিন যাতায়াতে রিকশার বিকল্প নেই। তাই এই পেশার সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা। বৈঠকে উভয়পক্ষই আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর