নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ঈশ্বরগঞ্জে নির্বাচনী জনসভায় আবেগঘন বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, নির্বাচিত হলে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়নের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
চিকিৎসা সেবার বিষয়ে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কোনো মানুষ চিকিৎসার অভাবে কষ্ট না পায়।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট আধুনিকায়নের মাধ্যমে নিরাপদ ও সহজ যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে। গ্রাম থেকে শহর পর্যন্ত সড়ক অবকাঠামো উন্নয়নের ফলে কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘ঈশ্বরগঞ্জে এসব অপরাধের কোনো স্থান হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। যুবসমাজকে রক্ষায় ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর অভিযান পরিচালনা করা হবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।’ এ সময় উপস্থিত হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। সভা শেষে নেতা-কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলা একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত হবে।