স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আইউবীর নির্বাচনি পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তরগাঁও হাসপাতাল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাপাসিয়া জোবায়দা হাসপাতাল সংলগ্ন মাঠে গিয়ে সমবেত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাহতুল্লাহ বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই।
সভায় বক্তব্য রাখেন গাজীপুর-৪ কাপাসিয়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবী। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে কাপাসিয়ার সার্বিক উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা সেফাউল হক।
এছাড়াও বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ মোল্লা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওসমান গনি। মিছিল ও সভায় জামায়াত, ছাত্র শিবিরসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।