নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আধুনিক ডিজিটাল তদারকির সমন্বয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সারাদেশব্যাপী প্রস্তুতি কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। এরই অংশ হিসেবে সব ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে দেশের প্রতিটি জেলায় নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলার নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
চট্টগ্রামে সরাসরি ২৫ হাজার ৫৪৫ জন সদস্যদের উপস্থিতির পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কক্সবাজার জেলার নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ৭ হাজার ৭১৪ জন সদস্য সমাবেশে যুক্ত হন।
সমাবেশে আবদুল মোতালেব সব সদস্যের উদ্দেশ্যে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নৈতিকতার মনোভাব, নিরপেক্ষতা ও নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
মহাপরিচালকের বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব পায়- নির্বাচনি কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির পক্ষ থেকে প্রথমবারের মত আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনা ও তদারকি পদ্ধতির সফল সংযোজন।
দায়িত্বে নিয়োজিত সদস্যদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি সদস্য একজন সাধারণ ভোটারের প্রতিনিধি এবং জাতীয় পতাকার অতন্দ্র প্রহরী। নিরপেক্ষতা নিশ্চিতকল্পে কোনো সদস্যকে নিজ ইউনিয়নে দায়িত্ব দেওয়া হয়নি।’
আবদুল মোতালেব জানান, এবারই প্রথম ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা এবং মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল তদারকি চ্যানেলের মাধ্যমে প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ফলে যেকোনো অপতৎপরতা প্রতিরোধে বাহিনী আগের চেয়ে আরও বেশি সজাগ ও সক্ষম থাকবে। রাষ্ট্রীয় স্বার্থ ও শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও তিনি সুস্পষ্টভাবে সতর্ক করেন।
এছাড়াও আবদুল মোতালেব সুস্পষ্ট নির্দেশনা দেন যে, নির্বাচনি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে ফেসবুক, ইউটিউব বা টিকটকের মত সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র, সরঞ্জামাদি কিংবা দায়িত্ব পালনসংক্রান্ত কোনো ছবি বা ভিডিও শেয়ার করা থেকে সদস্যদের কঠোরভাবে বিরত থাকতে হবে।
মহাপরিচালক দায়িত্ব পালনকারী সদস্যদের আশ্বস্ত করে বলেন, ‘সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এবার ‘এসটিডিএমএস’ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি নিজস্ব অ্যাকাউন্টে খাবারের টাকা ও ভাতা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা হচ্ছে, যা একদিকে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করবে, অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা কার্যকরভাবে বন্ধ করবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বাস করে, প্রতিটি সদস্যের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার ওপরই নির্ভর করছে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও দেশের ভবিষ্যৎ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।