July 9, 2026, 11:10 am

যুক্তরাষ্ট্র-ভারতের ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ জয়গান বাইডেন-মোদির মুখে

Reporter Name
  • আপডেট Friday, June 23, 2023
  • 147 জন দেখেছে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ জয়গান গাইলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সম্পর্ককে ‘একুশ শতকের’ জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে মানবাধিকার লঙ্ঘনের জন্য উদ্বেগ দেখিয়ে মোদিকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। সেই মোদিই এখন গুরুত্বপূর্ণ মিত্র, বিশেষ আমন্ত্রণে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রটোকল নিয়ে প্রথম রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে। বাইডেনের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে তাঁর সম্মানে নানা আয়োজন করা হয়। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাউথ লনে মোদিকে সশস্ত্র সালাম দেওয়া হয়। এরপর জমকালো নৈশভোজেও অংশ নেন মোদি। এর আগে হোয়াইট হাউসে পৌঁছালে জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁকে স্বাগত জানান। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও উপস্থিত ছিলেন। হোয়াইট হাউসে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

অভ্যর্থনার আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি ও বাইডেন। মোদি সেখানে বলেন, ‘আমি তিন দশক আগে যুক্তরাষ্ট্রে এসেছিলাম এবং বাইরে থেকে হোয়াইট হাউস দেখেছিলাম। এই প্রথম ভারতীয়-আমেরিকানদের জন্য হোয়াইট হাউসের এই বিশাল ফটক খুলে দেওয়া হলো।’

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি কখনো সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে চাননি। এবারই প্রথম সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। ভারতের গণতন্ত্র ও মুসলমানদের অবস্থা নিয়ে জানতে চাওয়া হলে নরেন্দ্র মোদি বলেন, ‘গণতন্ত্র আমাদের চেতনা, রক্তে মিশে আছে। আমাদের সংবিধান, আমাদের সরকার ধর্ম, বর্ণ, জাতের ভিত্তিতে কোনো বিভেদ করে না।’

মোদিকে স্বাগত জানাতে অনেক ভারতীয় তখন হোয়াইট হাউসের সামনে ভিড় করেছিলেন। আবার একদল বিক্ষোভাকারীও মোদির সফরের বিরোধিতা করে সেখানে বিক্ষোভ করেন। এর আগে মোদি মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখেন। তাঁকে দাঁড়িয়ে সম্মান জানান কংগ্রেসম্যানরা। ২০১৪ সালের ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিজেপি নেতা মোদিকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রই এখন তাঁকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নিজ স্বার্থ রক্ষায় আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য দীর্ঘদিন ধরে ভারতকে সহযোগী হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন। তবে এই মনোভাব কখনো পুরোপুরি মেনে নেয়নি দিল্লি। কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় চীনের নাম উল্লেখ না করে মোদি বলেন, জবরদস্তি এবং সংঘর্ষের কালো মেঘ ইন্দো-প্যাসিফিকের ওপর ছায়া ফেলেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়েও রাশিয়ার নাম মুখে আনেননি মোদি। এই ইস্যুতে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ইউরোপে যুদ্ধ ফিরে এসেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার কোনো সমালোচনা করেনি মোদি সরকার। বিশ্লেষকেরা মনে করছেন, সামরিক সরঞ্জাম আমদানিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং মস্কোর সঙ্গে দীর্ঘদিনের পরিক্ষিত সম্পর্কের কারণেই রাশিয়ার বিপক্ষে যায় এমন কিছু বলছে না ভারত। এর ফলে ওয়াশিংটন ও দিল্লির সম্পর্কে কিছু সময়ের জন্য টানাপোড়েন তৈরি করে। তবে গতকাল বাইডেনের গলায় ভিন্ন সুর শোনা গেছে। বাইডেন দুই দেশের ইতিবাচক সম্পর্কে মনযোগ দিতে বেশি আগ্রহী। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী। তিনি দুই দেশের সম্পর্ককে ‘একুশ শতকের অন্যতম সুস্পষ্ট সম্পর্ক’ হিসেবে অভিহিত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর