স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর মাঠে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন শাহ রিয়াজুল হান্নান।
জনসভায় তিনি মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়তে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সেইসাথে রিয়াজুল হান্নান সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত ঐক্যবদ্ধ ও আধুনিক কাপাসিয়া গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উপজেলার তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান সোহাগ জনসভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান সোহাগ বেপারীর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন ভিপি বীর মুক্তিযোদ্ধা এমএ হাশেম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, সাবেক কোষাধ্যক্ষ মো. আলী আকবর, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. বদরুজ্জামান জামান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন প্রমুখ।
উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, প্রবাসী বিএনপি নেতা আলম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান, টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
রিয়াজুল হান্নান খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করে বলেন,একটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে নিরিহ মা-বোনদের বিভ্রান্ত করছে। তারা সাধারণ মানুষের স্বাভাবিক ধর্ম পালনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা ধর্মপ্রাণ মুসলমান মা-বোনদের জান্নাত পাইয়ে দেয়ার নিশ্চয়তা দিচ্ছে। তাদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের প্রতি পূর্ণ সম্মান রেখে রিয়াজুল হান্নান বলেন, ‘বিগত দিনে আমার পিতাকে আপনারা ভোট দিয়ে এমপি-মন্ত্রী বানিয়েছিলেন। তিনি আপনাদের রাষ্ট্রীয় আমানত যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন। আমাকে ভোট দিয়ে এমপি বানালে পিতার রেখে যাওয়া স্বপ্নের বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে কাপাসিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো।’
উপস্থিত মা-বোনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। তাই সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবো। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। তাই বিএনপি সাধারণ মানুষের ভোটের দাবি রাখেন।’