নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নম্বর ওয়ার্ডে হাজারো নারী ভোটারের অংশগ্রহণে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নারী ভোটারদের সরব উপস্থিতিতে বৈঠকটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুল হক মিলনের সহধর্মিণী সম্পা হক। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের প্রার্থী ফজলুল হক মিলন।
বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, খালেদা জিয়া গণতন্ত্র ও নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। নারীদের শিক্ষা, মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। নারী সমাজকে প্রগতিশীল ও স্বাবলম্বী করে গড়ে তুলতে বিএনপি সবসময় কাজ করে এসেছে। মেয়েদের শিক্ষার প্রসার, বয়স্ক নারীদের সামাজিক নিরাপত্তা এবং নারীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
গাজীপুর মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম খান বিকি এবং নগরীর ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া, সদস্য সাখাওয়াত হোসেন খোকন, পূবাইল থানা মহিলা বিএনপির সভাপতি শামিমা আক্তার ও ৪১ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারী ভোটারদের ঐক্যবদ্ধ অংশগ্রহণই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উঠান বৈঠকের মাধ্যমে নারীদের সাথে সরাসরি মতবিনিময় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।