June 5, 2026, 9:53 am

খেলাধুলা ছাড়া সুস্থ জাতি গঠন সম্ভব নয়: কাদের গণি চৌধুরী

Reporter Name
  • আপডেট Tuesday, January 27, 2026
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফজেইউ) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, খেলাধুলা ছাড়া সুস্থ দেহ ও সুস্থ মন গঠন সম্ভব নয়, আর সুস্থ নাগরিক ছাড়া কোনো সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা যায় না। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পিরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সুমন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিপিজেএ সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান রাজীব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন সিদ্দীকী, প্রচার সম্পাদক মো. সৌরভ, ক্রীড়া সম্পাদক খোকন শিকদার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
কাদের গণি চৌধুরী বলেন, আজ আমাদের শিশুদের দিকে তাকালে দেখা যায়, তারা ভোর থেকে বইয়ের বোঝা নিয়ে স্কুলে যায়, সেখান থেকে কোচিংয়ে ছোটে। খেলার জন্য তাদের কোনো সময় থাকে না। যে অল্প সময় তারা পায়, সেটিও চলে যায় মোবাইল স্ক্রিনে। এর ফলে আমরা ধীরে ধীরে একটি অসুস্থ জাতির দিকে এগোচ্ছি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তিনি আরও বলেন, বর্তমানে চোখের রোগীর তালিকায় সিনিয়রদের তুলনায় শিশুদের সংখ্যা বেশি। শিশুরা খেলাধুলা করে না, শাকসবজি খেতে চায় না, অথচ এসব দিকেই আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন ছিল।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা শহরের অধিকাংশ স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠ নেই। মাঠ না থাকলে খেলাধুলা হবে কীভাবে? একসময় ঢাকার যেসব পার্ক হাঁটা ও খেলাধুলার জন্য ছিল, সেগুলোও আজ দখল হয়ে যাচ্ছে।
অথচ একটি সভ্য রাষ্ট্র গড়তে নাগরিকদের এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা অপরিহার্য।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আমরা যেন আমাদের শিশুদের মোবাইল স্ক্রিনের ভেতরে বন্দি করে না ফেলি। খেলাধুলা শুধু শিশুদের জন্য নয়, নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষের জন্যই এটি প্রয়োজন।
প্রতিদিন অন্তত ৩০ মিনিট পরিবারসহ খেলাধুলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাদে হোক, সামনের রাস্তায় হোক কিংবা বাসার সীমিত পরিসরে, একসঙ্গে সময় কাটানো ও খেলাধুলা করলে পরিবারের বন্ধন দৃঢ় হবে এবং আমরা সবাই সুস্থ থাকব।
বক্তব্যের শেষাংশে কাদের গণি চৌধুরী বলেন, যে জাতির সুস্থ নাগরিকরা রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে, সেই জাতির জন্য খেলাধুলার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমি আশা করি, রাষ্ট্র এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।
ইম্পিরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের স্পন্সরশিপে বিপিজেএর বার্ষিক ক্রীড়া উৎসবে ম্যারাথন, দাবা, কেরাম, ১শ মিটার দৌড়, শুটিং, টেনিস বল নিক্ষেপ এবং নারী সদস্যদের জন্য লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর