নিজস্ব প্রতিবেদক:: মহান সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং কুশল বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ৭ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশগ্রহণ করেন। এর আগে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে সংবর্ধনাস্থলে পৌঁছালে তাঁকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা-চক্রে অংশ নেন এবং ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন।
উল্লেখ্য, এর আগে আজ সকালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের ‘শিখা অনির্বাণে’ পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।