স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মঙ্গলবার বিকেলে স্মার্ট কর্ণার উদ্বোধন করেছেন আওয়ামীলীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। এসময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জমান, কালীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তিনি পার্শ¦বর্তী শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এ সংক্রান্ত এক আলোচনা সভায় অংশ নেন।
আলেচনা সভার শুরুর প্রাক্কালে কবির বিন আনোয়ার সাংবাদিকদের এক ব্রিফিং প্রদানকালে জানান, নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ”রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামীলীগের সাংগঠনিক জেলাগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে গাজীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আজ স্মার্ট কর্ণার উদ্বোধন করা হয়েছে। গাজীপুরে ২৪তম স্মার্ট কর্ণার উদ্বোধন করা হলো। স্মার্ট বাংলাশে বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরের ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। আজকে আমরা সবাই ডিজিটাল সুযোগ সুবিধা ভোগ করছি। তিনি লক্ষ্য নির্দেশ করেছেন আগামী ২০৪১ সালে একটি আত্মমর্যাদাশীল, একটি আত্মনির্ভর ও মান-সম্মান নিয়ে মাথা উচু করে বেঁচে থাকার জাতি গঠণের, যেটি হবে একটি স্মার্ট জাতি। যেখানে প্রতিটি ক্ষেত্রেই স্মার্ট হবে। তার সরকার স্মার্ট হবে, সিটিজেন স্মার্ট হবে, সোসাইটি স্মার্ট হবে,ইকোনমি স্মার্ট হবে এবং মানুষের মননে চিন্তায় সবদিক থেকে স্মার্ট হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রধামন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামীলীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে।
পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ের কার্যালয়েও এ কর্ণার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেয়া হবে। এখানে ্ক্রমান্বয়ে জেলা উপজেলা পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের এ সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হবে। এতে দক্ষ আইটি যোদ্ধা বঙ্গবন্ধুর সৈনিক তৈরি হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং আওয়ামীলীগের বিরুদ্ধে যে সকল প্রচার প্রচারণা হয় যেগুলোকে বলবো দেশ বিরোধী প্রচারণা করা হয় সেগুলো বিষয়ে আমরা এর মাধ্যমে জবাব দেয়া চেষ্টা করবো।
এসময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।