নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ময়মনসিংহ নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে মঙ্গলবার দুপুরে নগরীতে এক বিশাল আনন্দ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুপুর ১টায় নগরীর টাউন হল মোড় থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন আর প্লেই-কার্ড হাতে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় পুরো নগরী ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’, ‘চল চল ঢাকা চল, ২৫ তারিখ ঢাকা চল’ এমন সব শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলের নেতৃত্বে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। মিছিল শেষে কৃষ্ণচূড়া চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “তারেক রহমানের আগমনে কেবল রাজনৈতিক নেতাকর্মীরাই নন, বরং দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে বরণ করে নিতে ময়মনসিংহের মানুষ এখন মুখিয়ে আছে।” রোকন আরও বলেন, “তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু কোনো বাধাই এই জনস্রোতকে রুখতে পারবে না। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে দেশের মানুষ তাঁর হাতেই বাংলাদেশের নেতৃত্ব তুলে দেবে।”
সমাবেশে দক্ষিণ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারেক রহমানের নিরাপত্তায় কোনো প্রকার বিঘ্ন ঘটলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।