নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদপত্রের কার্যালয়ে যে হামলা হয়েছে, এর মাধ্যমে শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র, শিক্ষা ও সংস্কৃতির ওপরও আঘাত এসেছে। এই হামলার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা ছিল ভয়ংকর। দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ‘মব সন্ত্রাসকে’ রুখে দিতে হবে।
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)।
সভায় সূচনা বক্তব্যে সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেন, পৃথিবীর সব জায়গায় সংবাদমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনো গণতন্ত্রিক প্রক্রিয়া নয়। তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে।
সভায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওই দিন ২৬-২৭ জন স্টাফ ভবনের ভেতরে আটকে ছিল, ফায়ার সার্ভিসকে যেতে দেওয়া হয়নি। তাদের উদ্দেশ্য শুধু ভবনে আগুন দেওয়া ছিল না, হত্যা করাও ছিল।
নোয়াবের সভাপতি দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা তুলে ধরে বলেন, ‘প্রথম আলোতে প্রথম আগুন দেওয়া হয়। তখনই ডেইলি স্টার সম্পাদক আশঙ্কা করেছিলেন—এর পরে হামলাকারীরা ডেইলি স্টারে যাবে। তখন তিনি সরকারের এমন কোনো সংস্থা নেই, এমন কোনো ব্যক্তি নেই, যাকে অনুরোধ, অনুনয়-বিনয় করেননি যে—আপনারা ডেইলি স্টারের সামনে প্রটেকশন দিন। কিন্তু তিনি কোনো সাহায্য বা সাড়া পাননি। পুড়ে যাওয়ার পরে পেয়েছেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মানবাধিকারকর্মী আইরিন খান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ প্রমুখ।