নিজস্ব প্রতিবেদক :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা টেনে তুলে ফেলা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘হাদির উপর আক্রমণ যে বা যারাই ঘটাক আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীর যত শেকড় থাক না কেনো সমস্ত শেকড় টেনে তুলে ফেলা হবে।’ আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথীয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া ও ওসমান হাদির সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশে যারা গণতন্ত্র ফিরিয়ে এনেছে, যারা জুলাই গণ-অভ্যুত্থান ঘটিয়েছে তাদের মধ্যে অন্যতম অগ্রদূত ছিল শরিফ ওসমান হাদি। হাদি আততায়ীর গুলিতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা তার জন্য বিশেষ মোনাজাত করি তাকে আমরা আমাদের প্রার্থনায় রাখি।
হাদির ওপর হামলার ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। যত বাধার প্রাচীর আসুক নির্বাচন কমিশন নির্বাচনের দিকে এগিয়ে যাবে।
অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে এমপি প্রার্থী হচ্ছেন জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘আগামী দিন আপনাদের সাথে খুব অচিরেই দেখা হবে। আমি সবকিছু ছেড়ে, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে আপনাদের কাছে আবার ফিরে আসবো। একজন ভোটপ্রার্থী হিসেবে যখন ফিরে আসবো আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে। সুখ-দুঃখের কথা হবে, আনন্দের কথা হবে। আমি যেন আপনাদের মাঝে এসে আমার সততা-নিষ্ঠা, আন্তরিকতার সাথে আপনাদের সেবা করতে পারি।’
এসময় ধলহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লা, ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী বিশ্বাস, মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম হিরো, শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক বাবুল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।