নিজস্ব প্রতিবেদক :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা বাড়ছে। আজ দুপুরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তিনি বলেন, একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। এর আগেও দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে গুলি করে আহত করা হয়েছিলো।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও বিরোধী নেতাদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা বাড়ছে। এসব হামলার সঙ্গে কারা জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই বিএনপি সারাদেশে বিক্ষোভ করবে।
এর আগে শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটি মনে করে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে।