টঙ্গী থেকে আরাফ রিফাত:: টঙ্গীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির প্রতিবাদে বুধবার টঙ্গীর বিভিন্ন এলাকার শতাধিক সাধারণ নাগরিক টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থানকারীরা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সন্ধ্যার পর চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাত, পথচারী ও ব্যবসায়ীদের উপর হঠাৎ হামলার ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত এলাকায় টহল জোরদার, অপরাধী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। এ সময় থানা কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। আশ্বাস পাওয়ার পর সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। টঙ্গীর নাগরিকদের দাবি— নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।