মোঃ আক্তার হোসেন ডালি:: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহসিকতা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—তার প্রতীক হয়ে উঠেছেন কৃষক বাবুল আলী। চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ—বাংলাদেশের ভেতরে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে সীমান্ত এলাকাজুড়ে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। এই সময় জিরো লাইনের কাছে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের পাশে দাঁড়িয়ে কাস্তে হাতে প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন বাবুল আলী। অস্ত্রধারী বিএসএফ সদস্যদের সামনে এ সাধারণ কৃষকের দৃঢ় অবস্থান সীমান্তবাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তাঁর এই ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সম্প্রতি তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তারা তাঁর হাতে সম্মাননা উপহার তুলে দেন।
উপস্থিত কর্মকর্তারা জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের সচেতনতা ও সাহসই বিজিবির সবচেয়ে বড় শক্তি। স্থানীয়রা মনে করেন, বাবুল আলীর মতো সীমান্তবাসীর সাহসিকতা শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়—এটি দেশের অখণ্ডতা রক্ষায় নাগরিক দায়িত্ববোধের বাস্তব উদাহরণ। তাঁর এ অবস্থান সীমান্তের মানুষের আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে বলে আশা করছেন তারা। বিজিবির সংবর্ধনা প্রমাণ করে—দেশপ্রেম শুধু অস্ত্রের শক্তিতে নয়, সাধারণ মানুষের সচেতনতায়ও রক্ষা পায়। আর সেই কারণেই কৃষক বাবুল আলীর সাহসিকতার গল্প এখন সীমান্তের গণ্ডি পেরিয়ে দেশজুড়ে প্রশংসিত।