স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কলোনির অনেক বসতঘর পুড়ে গেছে। আজ সোমবার সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভির্সের ৩টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রায় এক ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, মহিউদ্দিনের টিনশেড কলোনির শাহনাজ বেগমের একটি কক্ষের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের বায়োজিদ মাস্টারের দুই কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সাভিসে খবর দেয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।