স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি-এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুর ২ আসন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা ইমরান রেজা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করবে—এই প্রত্যাশা তাদের। এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে বিএনপির বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মিছিল ও সমাবেশে দলের মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।