আক্তার হোসেন ডালি:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর গণঅভিযানের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এলাকাবাসীর দৃঢ় অবস্থান— “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স” —এর অংশ হিসেবে গত শুক্রবার রাতে তারা যৌথভাবে অভিযান চালায়।
অভিযান চলাকালীন সময় মাদক ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের টঙ্গী পূর্ব থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। কিন্তু এখানেই শেষ নয়—এ সুযোগকে কেন্দ্র করে শুরু হয় তাণ্ডব।
স্থানীয়দের অভিযোগ, কামাল, হাসানের নেতৃত্বে ৫০–৬০ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র ঘটনাস্থলে হামলে পড়ে। তারা বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালায়, একাধিক মোটরসাইকেল ভাঙচুর, দোকানে হামলা, নগদ টাকা ও মোবাইল লুটের ঘটনা ঘটে। অনেক পরিবার আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজেছেন। ঘটনার পর পুরো ৪৪ নং মাঠ ও আশপাশের এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এলাকাবাসীরা জানান, “মাদক–সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতেই আজ আমরা হামলার শিকার। তবুও পিছিয়ে যাব না।”
এদিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ জানিয়েছে, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং হামলার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসীর স্পষ্ট দাবি—“মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হবে।” স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন তারা যেন অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসেন।