নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টঙ্গী বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বৃহস্পতিবার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার তার বক্তব্যে বলেন, তারেক রহমান শুধু বিএনপির নয়, তিনি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দেশের মানুষ আজও তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। আল্লাহ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও হেফাজত করুন।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত জরুরি। দল ও গণতন্ত্রকে এগিয়ে নিতে নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও আদর্শে অবিচল থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক টঙ্গী থানা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সামাদ। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার।
মাহফিলে মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি, বিএনপি নেতা হাজী বাবর আলী, আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ছাত্র-শিক্ষক, স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।