June 1, 2026, 10:30 pm

যারা দুর্নীতি, দুঃশাসন করে তাদের মুখে দুর্নীতির কথা মানায় না: ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Saturday, June 17, 2023
  • 117 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দুর্নীতি, দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে জানি না। আজ শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচন করতে দেবে না‒এমন ঘোষণার পরেও মার্কিন ভিসানীতি এখানে কী করে তাই এখন দেখার বিষয়। মার্কিন ভিসানীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে, নাকি বাস্তববাদী হবে‒ আমরা দেখবো। ভিসানীতি করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।
তিনি আরো বলেন, সরকারকে বিদায় নিতে হবে‒ বিএনপির আন্দোলনে এমন কথা আমরা ১৪ বছর ধরে শুনে আসছি। এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন তারা করতে পারেনি। বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলের আহ্বানে জনগণের সম্পৃক্ততায় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই। তারা অনেক চেষ্টা করেছে। কিন্তু করতে পারেনি। জামালপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুর সম্পৃক্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, হত্যার সঙ্গে জড়িত হলে ওই ব্যক্তির বিচার হবে। চার্জশিট হলে আওয়ামী লীগে কোন পদ থাকবে না।
মন্ত্রী এ সময় বিআরটি প্রকল্প নিয়ে বলেন, সময়ের বিবেচনায় দীর্ঘসূত্রিকায় চলে গেছে প্রকল্পটি। হবে কি হবে না‒ এরকম একটা দ্বিধা- সংশয় কাজ করেছে। গাজীপুরে এই সড়কের মতো প্রকল্প চিন্তা করার আগে আরও গভীরভাবে ভেবেচিন্তে প্রকল্প নিলে ভালো হতো। এখানে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। তবে এখানে আমাদের যে রাস্তা তাতে ভোগান্তি বাড়াবে, যেটা গোটা রাজধানীতে প্রভাব ফেলবে।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সার্বিক বিবেচনায় সবচেয়ে বেশি দরকার শৃঙ্খলা, পরিবহনে শৃঙ্খলা। এটা একটা চ্যালেঞ্জ। এটা অতিক্রম করতে হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্প সমাপ্ত করে উদ্বোধনের দিকে এগিয়ে যাচ্ছি। এছাড়া আগামী নির্বাচনের আগে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে পারব। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত করতে পারব। এর মধ্যে টানেল প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত। আমরা একদিনে শত সেতুর উদ্বোধন করেছি। আরো একশ’ সেতু করব, তার প্রস্তুতি নিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর