এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নামে যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার রাত ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে যুবদল, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল বলেন, আওয়ামী দুষ্কৃতিকারীদের হামলার হাত থেকে জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা উত্তরার গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিচ্ছি। অতীতের ন্যায় আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে রয়েছে।
উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয় বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা মানুষের বাড়িঘর, ব্যাবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেব না। সব ধরনের নাশকতা বন্ধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।