নিজস্ব প্রতিবেদক :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে নগরীর শম্ভুগঞ্জ স্টেশন এলাকা থেকে একজন ও শনিবার (৮ নভেম্বর) সকালে জেলা সদর উপজেলার পরাণগঞ্জ বাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসাইন (২৮), পরাণগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় চর শ্যামরামপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহমান (৬০) এবং পরাণগঞ্জের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সদস্য মো. চাঁন মিয়া (৪০)। এদের মধ্যে আব্দুর ও চাঁনকে শনিবার সকালে পরাণগঞ্জ বাজারে মিছিল ও লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার (৭ নভেম্বর) রাতে নগরীর শম্ভুগঞ্জ স্টেশন এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতাকর্মীদের সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিবকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের নামে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।