স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয়বাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহ উদ্দিন সরকারের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি টঙ্গীর কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিল গেইট এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন সরকার বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও সংগঠনকে আরও সুসংহত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ৭ই নভেম্বরের চেতনা হলো জাতীয় ঐক্যের প্রতীক। এই চেতনাকে ধারণ করেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।