নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের শ্রীপুরের বরমী এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ‘সন্ত্রাসী’এনামুল মোল্লার বিষয়ে ব্রিফিং করেছেন বাংলাদেশ সেনাবাহিনী আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে সেনাবাহিনীর আর্মি ক্যাম্পে আয়োজিত বিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফুর রহমান বলেন, ‘গত ৬ নভেম্বর গাজীপুরের আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পুলিশ ও র্যাবের সহযোগিতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুরের বরমীতে অভিযান চালিয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ এনামুল হক মোল্লাকে তার ৬ সহযোগীসহ নিজ বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২টি ইলেকট্রিক শক মেশিন, ৪টি ওয়াকিটকি ও ২টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ‘সেনাবাহিনীর এই অভিযানকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি মহল অপচেষ্টা করছে। যারা মিথ্যা অপপ্রচারে প্রশ্রয় দিচ্ছে, তারাও কোনো না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরো বলেন, ‘সেনাবাহিনীর অভিযানের সময় অনেক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। কিন্তু কিছু স্বার্থন্বেষী মহল সন্ত্রাসী এনামুলের বাড়ির ব্যক্তিগত মালামাল খোয়া গেছে, ‘এরকম মিথ্যা বানোয়াট অপপ্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর চেষ্টা করছে। এ রকম মিথ্যা অপপ্রচারে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরও আমরা চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। ’ সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করায় এলাকাবাসীকে ধন্যবাদ দিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফুর রহমান বলেন, ‘সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের পক্ষে। উপস্থিত সাংবাদিকদের সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘গাজীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’