স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লা খানের সাথে বুধবার গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইত্তেফাকের সিনিয়র সাব-এডিটর মোঃ আল মামুন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্ত, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় এড. আজমত উল্লা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি এজন্য সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি গাজীপুরকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো। এখানে নকশা বহি:র্ভূত অবৈধভাবে গড়ে উঠা বাড়ি-ঘর চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন ঘর-বাড়ি চিহ্নিত করে ঘর-বাড়ির মালিকদেরকে নোটিশ প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন- গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে কবরস্থান এবং ২ থেকে ৩টি ওয়ার্ড মিলে এলাকা ভিত্তিক শ্মশান নির্মাণ ও পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাজীপুরবাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে যা করার দরকার আমি তাই করবো। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কারো প্রতিপক্ষ নয়। এটি সকলের সাথে সমন্বয় করে কাজ করবো। তবে আমাদের জনবল ও বাজেট তেমন নেই। রাজউকের সহযোগিতা নিয়েই কাজ করবো।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, কালীগঞ্জ ইউনিট চিফ আব্দুল গাফ্ফার, ডেপুটি চিফ মোঃ খোরশেদ আলম, কালিয়াকৈর ইউনিট চিফ মোঃ মাসুদ রানা, জিএমপি সদর থানা ডেপুটি চিফ শেখ মোঃ রাশেদ উল হোসেন কমল, জিএমপি বাসন থানা ইউনিট চিফ মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইউনিয়নের সদস্য মাহবুবুর রহমান, মোঃ রেজাউল করিম, কাজী শাকিল, মুন্নি খানম ও মোঃ মজিবুর রহমান প্রমুখ।