আবু সাঈদ চৌধুরী:: গাজীপুরে চার সাংবাদিকসহ ৫জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন, প্রতিবাদ সভা ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এইসব কর্মসূচিতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ, সেন্ট্রাল প্রেসক্লাব ও গাছা সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সত্য সংবাদ প্রকাশের অপরাধে সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানহানির মামলা দায়ের করা হয়েছে। যা সরাসরি সংবাদপত্রের স্বাধীনতায় আঘাত। মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না। মামলা-হামলা করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। আগামী ২৪ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার না করলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি ইব্রাহিম খন্দকারের সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মোঃ রফিক, মুজাহিদুল ইসলাম, মোস্তাকিম খান ও আরিফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ ও ১০ অক্টোবর সিএনএন বাংলা টিভি এবং সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকায় প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে মাজহারুল ইসলাম রুবেল নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হচ্ছেন-শাহিন আল মামুন, সম্পাদক ও প্রকাশক, সিএনএন বাংলা টিভি, শামসুদ্দিন জুয়েল, সিনিয়র রিপোর্টার, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, আসমা আক্তার লাকি, গোলাম কিবরিয়া, সম্পাদক সাপ্তাহিক জাগ্রত জনতা, মোঃ নুরুজ্জামান শেখ, বার্তা সম্পাদক সাপ্তাহিক জাগ্রত জনতা।