স্টাফ রিপোর্টার, টঙ্গী:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিমকে বাসায় চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে সংগঠনটি। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেট এলাকায় এই মশাল মিছিলটি করা হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিমের বাসা টঙ্গীতে গত শনিবার রাত সাড়ে ৮টায় বাসার সামনে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে মুহিমের নাম উল্লেখ করে বলা হয়, ‘তোদের রক্ত আমরা ঝরাবই, জাগ্রত চৌরঙ্গীতে তোর লাশ ঝুলিয়ে রাখব মুহিম। বৈছার ছাপড়ি নিয়ে উড়াল দেওয়া ডানাগুলো ছেটে দেব, আর কয়দিন উড়ে নে, আমরা আসব, তোদের রক্ত দিয়েই রাজপথ পরিষ্কার করা হবে।’
আব্দুল্লাহ আল মুহিম বলেন, আমার বাসার দরজার সামনে কে বা কারা এই চিঠি দিয়ে গেছে। আমি এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর মহানগর এনসিপির মুখ্য সংগঠক আকাশ ঘোষ, এনসিপির অঙ্গ সংগঠন যুব শক্তির টঙ্গী পশ্চিম থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইসহাক প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি টঙ্গী কলেজ গেট থেকে শুরু হয়ে গাজীপুরা হয়ে টঙ্গী কলেজ গেটে এসে শেষ হয়। মিছিলে স্লোগান ছিল কণ্ঠে আবার লাগা জোর, লীগের কবর খোড়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মোহা. হারন অর রশিদ বলেন, একটি জিডি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।