মোঃ জাফর আলীঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী গাজীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের সাথে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর মুদাফা সিটি গেটের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি প্রভাষক বশির উদ্দিন বলেন, “আমি আজীবন মানুষের সেবায় কাজ করে এসেছি। দল যদি আমাকে সুযোগ দেয়, তবে জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।” তিনি আরও যোগ করেন, পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় উপস্থিত বক্তারা বলেন, বশির উদ্দিন একজন সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থী। তার নেতৃত্বে এলাকায় উন্নয়নের ধারা সুসংহত হবে। তারা ধানের শীষের প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, যুবদল নেতা সেলিম কাজল, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয়সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।