July 4, 2026, 1:15 pm

ঈশ্বরগঞ্জে ড্রেন দখল করে অবৈধ স্থাপনা, জলাবদ্ধতায় বাজারে চরম দুর্ভোগ

Reporter Name
  • আপডেট Saturday, August 23, 2025
  • 137 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে ড্রেন ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এসব স্থাপনা মাসিক ভাড়ায় চালু করে দীর্ঘদিন ধরে অর্থ আদায় করা হচ্ছে। এতে বাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্রেতা–ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বাজার ইজারাদার সাইফুল ইসলাম বিষয়টি প্রশাসনের নজরে এনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরকারি জায়গা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগেই কিছু প্রভাবশালী ব্যক্তি বাজারের সরকারি শেড ঘর থেকে মরিচ মহাল পর্যন্ত রাস্তা ও ড্রেন ভরাট করে দোকান নির্মাণ করেন। এগুলো পরবর্তীতে মাসিক চুক্তিতে ভাড়া দেওয়া হয়। এমনকি মাছ বাজারের সরকারি টিউবওয়েল সরিয়ে তার উপরও দোকান বসানো হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই বাজার প্লাবিত হয়ে পড়ে।
সরকারি টিউবওয়েলের উপর দোকান নির্মাণ বিষয়ে ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, তিনি জানেন না সেখানে টিউবওয়েল ছিল কিনা। তবে স্থানীয় আব্দুল মালেকের কাছ থেকে প্রতি মাসে এক হাজার টাকা ভাড়া দিয়ে চার-পাঁচ বছর ধরে ব্যবসা করছেন। আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। পূর্বের ইজারাদার চাঁন মিয়া জানান, তার সময়ে শুধু দোকান থেকে খাজনা আদায় হতো, তবে গত দুই বছর ধরে তিনি কারও কাছ থেকে ভাড়া বা খাজনা নেননি।
বর্তমান ইজারাদার সাইফুল ইসলাম বলেন, ২০২৫-২৬ অর্থবছরে তিনি সরকারি ডাকের মাধ্যমে ২৬ লাখ টাকায় বাজার ইজারা নিয়েছেন। কিন্তু আগের ইজারাদারের সময়ে সরকারি জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই উচ্ছেদে প্রশাসনের সহযোগিতা চেয়ে আবেদন করেছেন, কিন্তু সমাধান পাননি। এতে তিনি রাজস্ব আদায়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে নায়েবকে সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, শুধু উচ্ছেদ করলেই আবার জায়গা দখলের ঝুঁকি থাকে। তাই উচ্ছেদের পাশাপাশি নতুন ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুতই তা বাস্তবায়ন হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর